আশুগঞ্জে বালুর নিচে লুকানো পৌনে সাত টন ভারতীয় জিরা উদ্ধার; ট্রাকসহ ৪ চোরাকারবারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, আশুগঞ্জ | ১২ মার্চ, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশ পৃথক দুটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করেছে। বালু বোঝাই ট্রাকের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে পাচারের সময় দুই দফায় মোট ৬ হাজার ৮৪০ কেজি (প্রায় ১৭০ মণ) জিরা জব্দ করা হয়। এ সময় দুটি ট্রাকসহ ৪ জন পেশাদার চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ (১২ মার্চ) রাত ০১:৫০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে একটি হলুদ ও খয়েরী রঙের বালু বোঝাই ট্রাক থেকে বালুর নিচে সুকৌশলে লুকানো ১৫০ বস্তা (৪৫০০ কেজি) ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এ সময় সিলেট জেলার বিশ্বনাথের মোঃ আব্দুস সহিদ (৪৩) এবং জৈন্তাপুরের মোঃ সেলিম আহম্মেদকে (৩০) গ্রেফতার করা হয়।
এর মাত্র আধা ঘণ্টা পর রাত ০২:২৫ ঘটিকায় একই স্থানে পরিচালিত অপর এক অভিযানে একটি সবুজ ও হলুদ রঙের ট্রাক আটক করা হয়। উক্ত ট্রাকটি তল্লাশি করে বালুর নিচ থেকে আরও ৭৮ বস্তা (২৩৪০ কেজি) জিরা উদ্ধার করা হয়। এই ঘটনায় পাবনার সাথিয়া উপজেলার মোঃ জসিম প্রামানিক (২৮) এবং আমিনপুরের মোঃ রাকিব শেখকে (১৮) গ্রেফতার করে পুলিশ।
জব্দকৃত মালামালের বিবরণ
অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা জিরার পাশাপাশি পাচারে ব্যবহৃত দুটি ট্রাক এবং আনুমানিক ২০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, চোরাকারবারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে বালু পরিবহনের আড়ালে এই অবৈধ মালামাল দেশের অভ্যন্তরে নিয়ে আসছিল।
আইনি ব্যবস্থা
এ বিষয়ে আশুগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

0 Comments