আশুগঞ্জে পুলিশি অভিযান: ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
ওয়াছেল আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় পৃথক দুটি অভিযানে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রথম অভিযান: প্রাইভেটকারে ২৪ কেজি গাঁজা
রোববার সকাল ৬টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এসময় একটি সন্দেহভাজন প্রাইভেটকার তল্লাশি করে ২৪ কেজি গাঁজাসহ মোঃ আলমগীর মিয়া (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলমগীর ময়মনসিংহ সদর থানার আজমতপুর গ্রামের মোঃ মজনু মিয়ার ছেলে।
দ্বিতীয় অভিযান: মোটরসাইকেলে ৬ কেজি গাঁজা
একই স্থানে সকাল ৭টা ৫৫ মিনিটে পরিচালিত অন্য একটি অভিযানে একটি মোটরসাইকেল আটক করে পুলিশ। মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— নরসিংদীর রায়পুরা থানার চান্দেরকান্দি গ্রামের মোঃ ইয়াকুব আলী (৩৮) ও মো. আলমগীর (৩৮)।
আশুগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা পেশাদার মাদক কারবারি এবং তাদের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদক ও যানবাহন বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

0 Comments