বাঞ্ছারামপুরে অ্যাম্বুলেন্সে মিলল ২৮ কেজি গাঁজা, গ্রেফতার ২
বাঞ্ছারামপুরে রোগী বহনের ছদ্মবেশে মাদক পাচারের সময় একটি অ্যাম্বুলেন্সসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর থানা পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কড়ইকান্দি এলাকায় এই অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি টিম কড়ইকান্দি এলাকায় অবস্থান নেয়। সেখানে একটি সন্দেহভাজন অ্যাম্বুলেন্স থামিয়ে তল্লাশি চালালে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ এবং এর ভেতরে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
মোঃ সোহাগ (৩১): শরিয়তপুর জেলার নড়িয়া থানার শাওড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে ঢাকার শেরেবাংলা নগর থানা এলাকার বাসিন্দা।
মোঃ শাহাজুল ইসলাম (৪৭): রংপুর সদর উপজেলার পশ্চিম বাবুখাঁ এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদক ও অ্যাম্বুলেন্স বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে

0 Comments